মুরাদনগরে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসী হামলায় স্বামীর মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ২০:১৪
জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর গ্রামে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় স্বামী বাবুল মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
 
সোমবার এ ঘটনা ঘটে। মো. বাবুল মিয়া (৩৫) শাহেনগর গ্রামের তারু মিয়ার ছেলে। আহতরা হলেন, বাবুলের বড় ভাই মোতালেব হোসেন(৪২), ছোট ভাই আবুল হোসেন(২৫) ও তার স্ত্রী।
 
জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্ত্রী নাজমা বেগমের সঙ্গে স্বামী বাবুল মিয়ার পারিবারিক কলহ চলছিল। কয়েকদিন আগে নাজমা বাবার বাড়ি উপজেলার কৈজুরী গ্রামে চলে যান। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্ত্রী নাজমা ভাড়া করা ১৪/১৫ জন সন্ত্রাসী নিয়ে সাহেবনগর গ্রামে এসে স্বামী বাবুল মিয়াকে মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেকে) মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।