সিরিয়ায় সক্রিয় কুর্দি মিলিশিয়ারা অভিযোগ করেছে, তুরস্ক তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। কুর্দিশ পিপল'স প্রোটেকশন ইউনিট জানিয়েছে, তুর্কি ট্যাঙ্ক থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের কোবানে শহরে তাদের ইউনিট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করা হয়েছে। খবর- বিবিসির।
তবে তুরস্ক সিরিয়ার কুর্দিদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখছে।
গত ২০ জুলাই তুরস্কের সুরুক শহরে স্বেচ্ছাসেবী ত্রাণ কর্মীদের ওপর আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হওয়ার পর ইরাকে ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে দেশটি। সেই সাথে তারা ইরাকে অবস্থানকারী পিকেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা চালায়।
১৯৮৪ সালে পিকেকের সাথে লড়াইয় শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। তুরস্কের অভিযোগ আইএস আত্মঘাতী হামলাটির সাথে জড়িত ছিল।
