ইন্টারের বিপক্ষে সহজ জয় রিয়ালের

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ০২:০৯

প্রীতি ম্যাচের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে জেসে রদ্রিগেজ, রাফায়েল ভারান এবং হামেস রদ্রিগেজ একটি করে গোল করেন।

 
চীনের গুয়াঞ্জুর তিয়ানহে স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কোচ রাফায়েল বেনিতেজের দল। ১৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার জোরালো ফ্রি-কিকটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে রিয়ালকে গোল বঞ্চিত করেন ইন্টার গোল রক্ষক সামির হান্দানোভিস। এরপর জেসে এবং ইসকোর আরো দু’টি প্রচেষ্টা হান্দানোভিস রুখে দিলেও ২৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জেসে। এরপর ইন্টার আক্রমণে গেলেও গোল রক্ষক কেইলর নাভাসের দক্ষতায় ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধে রোনালদোসহ প্রথম একাদশের পাঁচজন খেলোয়াড়কে উঠিয়ে দল নামান কোচ বেনিতেজ। খেলার ৫৬ মিনিটে লুকাস ভাস্কুইজের ক্রস থেকে চমত্কার ফিনিশিংয়ে ২-০ করেন সার্জিও রামোসের বদলি হিসেবে নামা ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারান। খেলা শেষ হওয়ার দু’ মিনিট আগে বিস্ময়কর ফ্রি-কিকে ইন্টারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
 

আগামী বৃহস্পতিবার সাংহাইতে সাতবারের ইউরোপ সেরা এসি মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।- সকারওয়ে