তুরস্কের আহ্বানে ব্রাসেলসে জরুরি বৈঠক

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১১:২২
উত্তর সিরিয়াতে তুরস্কের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নেটো। খবর বিবিসি’র।
 
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেট দাভুতোগলু বলেছেন, বৈঠকে নেটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সিরিয়া ও ইরাকে চালানো বিমান হামলার বিষয়ে সমর্থন ও সংহতি আশা করছে আঙ্কারা।
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চল থেকে আইএস জঙ্গিদের হটিয়ে, সিরিয় সীমান্ত নিরাপদ করা এবং দেশটির শরণার্থীদের ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র এ হামলায় অংশ নিতে চায়।
 
শুক্রবার তুরস্ক ইরাক ও সিরিয়ার উত্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ওপর প্রথম হামলা চালায়।
 
রবিবার দ্বিতীয় পর্যায়ের বিমান হামলা চালায় ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাটির ওপর।
 
এর আগে ইরাকের কুর্দিদের ওপর হামলা চালানো বন্ধ করতে তুরস্ককে আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হলে তা প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন।
 
এখন যুক্তরাষ্ট্র বলছে, তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত নিরাপদ করার লক্ষ্যে তুরস্কের বাহিনীর সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নিতে চায়।
 
সিরিয়ার কুর্দি মিলিশিয়া বাহিনী বলছে, তুর্কি ট্যাংক সিরিয়ার উত্তরাঞ্চলে কোবানির কাছে তাদের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে, তারা এ দাবি খতিয়ে দেখছে এবং তুর্কি বাহিনী সিরিয়ার কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে না।
এদিকে, তুরস্কের আহ্বানে আজই ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নেটো নেতারা।