কক্সবাজারের টেকনাফ সীমান্তে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার গভীর রাতে পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের নাফনদীর কিনারায় ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন, টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ।
তিনি জানান, নাফনদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান টেকনাফে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের নাফনদীর কিনারায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফনদীর বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগ ফেলে পাশ্বেবর্তী প্যারাবনে ঢুকে পড়ে। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য ৩ কোটি টাকা।
লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
