গাজীপুরের কালীগঞ্জে হাফিজুল ইসলামের (৪২) বিরুদ্ধে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ব্যাপারে ভিকটিমের বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দুপরে অভিযুক্তকে গাজীপুর আদালতে পাঠানো হয়। ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী স্কুলে যাওয়া-আসার পথে প্রতিবেশী হাফিজুল্লাহ তাকে প্রায়ই উত্যক্ত করতেন। গত রবিবার বিকেলে ভয় দেখিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে ওই শিশুকে। বিষয়টি কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় হাফিজুল্লাহ।
পরে ওই শিশু ধর্ষণের বিষয়টি তার পরিবার ও আত্মীয়-স্বজনদের জানায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে সোমবার বিকেলে হাফিজুল্লাহকে ধরে গণপিটুনি দেয়। এরপর থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) সামিউল আলম জানান, সোমবার রাতে এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।
ইত্তেফাক/জেডএইচ
