প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের মৃত্যুতে ভারতবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে। দেশটির ১১তম রাষ্ট্রপতির জীবনাবসানে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‘মিসাইল ম্যান’ খ্যাত আবদুল কালাম সোমবার শিলংয়ের হাসপাতালে মারা যান। সন্ধ্যায় শিলংয়ে আইআইএম-এর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, আবদুল কালামের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। উনি ভারতরত্ন। নিজের জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর পরেও তিনি জনতার রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবেন।
এছাড়া গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের পথপ্রদর্শককে আমরা হারালাম। ওনার জীবনচর্চা, কাজ ও পদক্ষেপ দেশের জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে থেকেছে।
একই সঙ্গে মোদি বলেছেন, যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখনো এমনকি যখন বিজ্ঞানী ছিলেন তখনো তার একমাত্র লক্ষ্য ছিল পড়াশোনা।
নিজের মর্মব্যথা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। তিনি বলেছেন, দেশের জন্য এটা একটি বড় ক্ষতি।
বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি বলেন, আবদুল কালাম বিজ্ঞান ও দেশের উন্নয়নের ক্ষেত্রে নিজেকে গড়ে তুলেছিলেন। তার পদক্ষেপ দেশের স্বার্থে সবসময় ইতিবাচক থেকেছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ওনার মৃত্যু এক বড় ক্ষতি। ওনার থেকে আমরা অনেককিছু শিখেছি। আগামী প্রজন্মের অনেককিছু সেখার আছে ওনার থেকে।
আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও শোক জ্ঞাপন করেছেন। শোক জ্ঞাপন করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও।
