উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি কার্যত একই এলাকায় স্থির রয়েছে। এটি মঙ্গলবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সে সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেয়া হচ্ছে।
খবর বাসসের।
