সুইজারল্যান্ডের সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের দেশের গরুর পিপাসা মেটানোর জন্য পানি আনার এক অভিযানে নেমেছিলেন। তারা কয়েকটি হেলিকপ্টার নিয়ে সীমান্ত অতিক্রম করে ফ্রান্সের লেকের পানি সংগ্রহ করেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ফ্রান্সের জুরা পর্বতের রোজেজ লেকে সুইস সেনাবাহিনীর হেলিকপ্টার নামার পর তাদের ধরে বিস্ময় প্রকাশ করে ফরাসি কর্মকর্তারা। তারা বলছে, কোন ধরনের অনুমতি ছাড়াই সুইস সেনারা তাদের অঞ্চলে প্রবেশ করেছে।
তবে সুইস মিডিয়া বলছে যে, দেশটির সেনাবাহিনী ফরাসি বিমানবাহিনীর কাছে অনুমোদন চেয়েই সীমানায় ঢুকেছে, স্থানীয় কর্তৃপক্ষের কাছে নয়।
সুইটজারল্যান্ডে প্রচন্ড গরমে দেশটির সমস্ত গরু পানিশূন্যতায় ভুগছে, আর এ কারণে গরুগুলোকে প্রচুর পানি দেয়ার প্রয়োজন। আর শুধু এই গবাদি পশুর পিপাসা মেটাতেই সুইস সেনাদের এই অভিযান।
তবে সুইস সেনা প্রধান জানাচ্ছেন তারা যখন জানতে পেরেছেন তাদের তথ্য দেশটির বিমানবাহিনীর কাছে পৌঁছায়নি সে মুহুর্তে তারা তাদের অপারেশন বন্ধ করে দেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সুইস সেনাদের এই পানি আনার অভিযানের ঘটনা স্থানীয় মানুষ ও পর্যটকদের খুবই অবাক করেছে। অভিযানের সময় ফ্রান্সের ওই রোজেজ লেকের পানিতে স্থানীয় লোকজন ও পর্যটকেরা সাঁতার কাটছিলেন। সূত্র: বিবিসি।
