পাটের সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৮:০২

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিপণনে প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি আজ সংসদে বিরোধীদলের সদস্য মো. মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পদক্ষেপ হিসাবে অভ্যন্তরীণ বাজারে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ১৯টি পণ্যের মোড়কীকরণে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় বাজারে ১৯টি পণ্যের মোড়কীকরণে পাটের তৈরি ব্যাগ ব্যবহার নিশ্চিতকরণে প্রত্যেক জেলা বা উপজেলা পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বিজেপির ওয়েবসাইট হ্যাক, ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি

পাটমন্ত্রী বলেন, পাট খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার ‘পাট আইন-২০১৭’ এবং ‘জাতীয় পাটনীতি-২০১৮’ প্রণয়ন করেছে। নতুন পণ্য উদ্ভাবন, বিপণন এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি) ক্ষুদ্র প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। বাসস।

ইত্তেফাক/এমআই