মেয়েটির নাম শিউলি। বয়স আনুমানিক ১৬ বছর। বাক প্রতিবন্ধী এই মেয়েটি শুধু তার পিতা ইন্তাজ, মাতা জহুরা ও নিজের নাম লিখতে পারে। কিন্তু সে তার ঠিকানা সম্পর্কে কিছুই জানাতে পারছে না। মেয়েটি বর্তমানে কেন্দুয়া থানা হেফাজতে রয়েছে।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, শিউলি গত ২৭ জুলাই সোমবার উপজেলার মোজাফরপুর বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় কিছু বখাটে তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি শিউলিকে উদ্ধার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর জিম্মায় রাখেন। পরে ওই দিনই জাহাঙ্গীর চৌধুরী তাকে কেন্দুয়া থানা হেফাজতে দিয়ে যান।
তিনি আরো জানান, এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটির ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
কেউ মেয়েটির ঠিকানা জানলে কেন্দুয়া থানায় অথবা ০১৭১৩৩৭৩৫১১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি।
