বৈদ্যুতিক পাখায় মাথা কেটে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৬:৩৭
জেলার লোহাগড়া উপজেলায় বৈদ্যুতিক (সিলিং ফ্যান) পাখায় মাথা কেটে পারভীন খানম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
 
সোমবার রাত তিনটার  দিকে উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়ায় এ ঘটনা ঘটে। পারভীন লাহুড়িয়া দীননাথপাড়ার জিল্লু মোল্যার স্ত্রী।
 
এলাকাবাসী জানায়, সোমবার রাতের খাবার খেয়ে গৃহবধূ পারভীন দেড় বছরের ছেলে সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘুমের ঘোরে হঠাৎ বিছানা থেকে তিনি উঠে দাঁড়ালে মাথায় বৈদ্যুতিক পাখার আঘাত লাগলে তিনি লুটিয়ে পড়েন।
 
এ সময় তার শিশুপুত্রের ঘুম ভেঙ্গে যায়। মায়ের এই অবস্থা দেখে শিশু সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। ওই শিশুর কান্নার শব্দে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে গিয়ে পারভীনের মৃতদেহ দেখতে পান।