রাজধানীর উত্তরায় অবৈধভাবে আমদানি করা চার কোটি টাকা মূল্যের পশু খাদ্য ও ওষুধ জব্দ করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব পশু খাদ্য ও ওষুধ জব্দ করে র্যাব-২ এর একটি টিম।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ফয়সাল সারোয়ারকে (৪২) ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের ও ম্যানেজার এ এস এম রশিদকে (৩৭) ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উত্তরার রানাভোলা এলাকায় 'এভুন পোল্ট্রি ফিড' নামে একটি পশুখাদ্যা সংরক্ষণাগারে অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশ থেকে আনা পশুর খাদ্য ও ওষুধ জব্দ করা হয়। এসব পশুখাদ্য ও ওষুধ সুবিধামতো বাজারজাত করার জন্য সংরক্ষণ করা হয়েছিল।
অভিযান পরিচালনাকারী র্যাব-২ এর নির্বাহি ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, ঐ প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে বিদেশ থেকে অবৈধ পথে ওষুধ আমদানি করে সংরক্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটির কোনো ট্রেড লাইসেন্স বা অনুমোদনপত্র নেই।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ফয়সাল সারোয়ারকে (৪২) ড্রাগ অ্যাক্ট আইনে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড ও ম্যানেজার এ এস এম রশিদকে (৩৭) পশু খাদ্য আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন পশুর ওষুধ ও তিন কোটি টাকা মূল্যের পশুখাদ্য জব্দ করা হয় বলে জানান তিনি।
