জেলার বিজয়নগর উপজেলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উদ্দিন ভূইয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জামালুর সরকার, পূর্বাচল কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আশিদ ভূইয়া, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আলী আজম, উপজেলা আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন খান সভাপতিত্ব করেন।
এ সময় বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, রবিবার রাত নয়টার দিকে বিষ্ণুপর গ্রামের জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব ঘটনার জের ধরে এলাকার সনি ভূঁইয়াসহ একদল যুবক তার উপর হামলা চালিয়ে মারপিট করে। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
