রাজশাহীতে ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৯:১৪


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দরগা হঠাৎপাড়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এ ব্যাপারে শিশুটির মা মঙ্গলবার দুপুরে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ ধর্ষক বাসিরুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে। সে বিবাহিত ও সম্পর্কে ধর্ষিতা শিশুটির চাচাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১১ জুন বাসিরুল জমিতে কাজ করছিলেন। দুপুরের দিকে বাসিরুলের স্ত্রী রিমা খাতুন ওই শিশুর মাধ্যমে তার স্বামীকে (বাসিরুল) ডাকতে জমিতে পাঠায়। এ সময় নির্জন জমিতে বাসিরুল ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় এলাকাবাসী জমি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ধর্ষক বাসিরুলের এক বোন তাকে কৌশলে একটি ক্লিনিকে চিকিৎসা করায়। প্রায় দুই সপ্তাহ চিকিৎসার পর শিশুটি কিছুটা সুস্থ্য হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির চিকিৎসা শেষে বাদী থানায় মামলা করতে চেয়েছিলেন। কিন্তু গ্রাম্য মাতব্বর মোক্তার হোসেন থানায় মামলা না করার জন্য তাকে ভয়ভীতি দেখান। এছাড়া থানায় গেলে উল্টো তার (ধর্ষিতা শিশুর মা) ও তার ভ্যান চালক স্বামীর বিরুদ্ধে মামলা হবে সাংবাদিক পরিচয়ে এমন ভয় দেখান পার্শ্ববর্তী দ্বিগ্রামের জনৈক শরিফুল ইসলাম। এ কারণে তিনি থানায় মামলা করতে ভয় পাচ্ছিলেন।

গ্রাম্য মাতব্বর মোক্তার হোসেন আসামীর হয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করছিলেন বলে জানান তিনি।

গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, ধর্ষিত শিশুটিকে নিয়ে মামলা করার জন্য তার মা থানায় আসলে তাকে বসিয়ে এজাহার লেখার সময়ের মধ্যেই ধর্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে শিশুর মায়েল এজাহার রেকর্ড করা হয়েছে।

ওসি আরো জানান, ধষিতা শিশুটির নতুন করে ডাক্তারি পরীক্ষা করানো হবে। এছাড়া যেসব হাসপাতাল ও ক্লিনিকে ওই শিশুর চিকিৎসা করানো হয়েছে সেখান থেকেও কাগজপত্র সংগ্রহের চেষ্টা চলছে।