শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ১৯:২৮
নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রো রো ফেরি কর্তৃপক্ষ।
 
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলীম জানান, ওই নৌরুটের পদ্মার লৌহজং টানিংয়ে চ্যানেল মুখে বিশাল এলাকা জুড়ে একটি ডুবোচরের সৃষ্টি হয়েছে। যার ফলে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে।
 
তিনি আরো জানান, এ চ্যানেলে বর্তমানে পানির গভীরতা মাত্র ছয় ফুট। কিন্তু রো রো ফেরির জন্য গভীরতা প্রয়োজন অন্তত সাড়ে সাত ফুট। তাই রো রো ফেরিগুলোকে সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে এই রুটে মধ্যম ও ছোট আকারের ১৪টি ফেরি চলাচল করছে।