তুর্কি প্রেসিডেন্ট রোসে তাইয়েপ এরদোগান বলেছেন কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে নেয়া অসম্ভব। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে সদস্যরা তুরস্কের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালচ্ছে বলে তার অভিযোগ।
পিকেকে ও ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান নিয়ে ন্যাটো জোটের সাথে আলোচনা চালাচ্ছে আঙ্কারা। এমন প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্টের তরফ থেকে এই বক্তব্য পাওয়া গেল।
গত ২০ জুলাই সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের শহর সুরুকে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হওয়ার পর ইরাক ও সিরিয়ায় আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তুরস্ক। সিরিয়ার কুর্দিদের অভিযোগ, তুর্কি ট্যাঙ্ক থেকে তাদের লক্ষ্য করেও গোলা বর্ষণ করা হচ্ছে। সুরুকে হামলার জন্য আইএস জঙ্গিগ্রুপকে দায়ী করে আসছে তুরস্ক।
সিরিয়ার সাথে সীমান্ত এলাকায় একটি 'বাফার জোন' তৈরি করার পরিকল্পনা করছে তুরস্ক। এই বাফার জোন থেকে আইএস ও কুর্দিদের পিকেকে গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে দেশটি। পিকেকে-কে বেআইনি বলে ঘোষণা করেছে তুরস্ক।
আইএস ও পিকেকের মধ্যে কোন পার্থক্য দেখে না আঙ্কারা। তাদের মতে দুটিই জঙ্গি সংগঠন। সূত্র: বিবিসি
