শিশুর রাজন হত্যা

আয়াজ আলীর জবানবন্দী: চৌকিদার ময়না রাজনকে ধরে চোর সাজায়

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২০:৪১

সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় গ্রেফতারকৃত আয়াজ আলী মঙ্গলবার বিকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে জবানবন্দি দিয়েছে।

দেশ-বিদেশ জুড়ে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, আদালতকে আয়াজ জানায় রাজন চোর ছিল না। সিলেট নগরীর কুমারগাঁওয়ে যেখানে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়, সেখানে একটি গ্যারেজে রাখা ভ্যান নিয়ে আরো কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল রাজন। গ্যারেজের চৌকিদার ময়না রাজনকে ধরে চোর সাজায়। ময়না রাজনকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধে। এসময় আয়াজ খেলার ছলে রাজনকে বাঁধতে সাহায্য করে বলে আদালতে জবানবন্দিতে বলেছে আয়াজ।

সুরঞ্জিত জানান, আদালতে আয়াজ নিজে রাজনকে মারধর করেনি, তবে ময়না, কামরুলসহ অন্যরা মারধর করেছে।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে কিশোর সামিউল আলম রাজনকে পৈশাচিক ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। সে নির্যাতনের ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। সর্বত্র প্রতিবাদের ঝড় উঠে। রাজন হত্যার ফাঁসির দাবিতে সিলেটসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে।

এদিকে রাজন হত্যাকান্ডের পর খুনিদের বাঁচানোর চেষ্টাসহ নানা অভিযোগে পুলিশের এক ওসি (তদন্ত) ও দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজন হত্যা মামলায় ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পর্যন্ত ৮ জন স্বীকারেক্তি মূলক জবানবন্দি দিয়েছে।