তথ্য সন্ত্রাসকে প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করতে হবে: আইনমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০১৫, ২১:৫০
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির তথ্য-প্রযুক্তি সন্ত্রাসকে প্রযুক্তি-যুদ্ধের মাধ্যমেই মোকাবেলা করতে হবে। এ 'যুদ্ধে' যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
 
তিনি বলেন, 'একাত্তরের পরাজিত শক্তি নতুন কৌশল ও উদ্ভাবনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে নতুনভাবে যুদ্ধ শুরু করেছে। তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হবো। ’৭১ সালে লাঠি দিয়ে বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছি। আমাদের যুব সমাজ অত্যন্ত ট্যালেন্টেড এবং সাইবার ওয়ার্ল্ডে তাদের অত্যন্ত সুনাম রয়েছে। আমরা বিশ্বাস করি, এই সাইবার যুদ্ধেও তারা আমাদের কাছে পরাজিত হবে।’
 
মন্ত্রী মঙ্গলবার ধানমন্ডির ডব্লিইভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘জঙ্গি মৌলবাদীদের তথ্য-প্রযুক্তি সন্ত্রাস, সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ২৬ জুলাই চট্টগ্রামের শহীদদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
 
নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুলের পরিচালনায় আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনায়েদ আহমেদ পলক।
 
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও স্বাগত বক্তৃতা করেন নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুর রশীদ, এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরর্স এর মহাসচিব টিআইএম নূরুল কবীর, ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ ও গ্রিন লিফ এডুকেশনের চেয়ারম্যান হাসনাত শাহরিয়ার প্রান্ত এতে বক্তৃতা করেন।
 
আইনমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটির জন্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তার সব কিছুই করা হবে। শুধু আইন করা নয়, এ পর্যন্ত যাদের হারিয়েছি, যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে বিচারও করা হবে।
 
আনিসুল হক বলেন, ২০০৬ সালে যখন তথ্য প্রযুক্তি আইন করা হয়েছিল তখন এতো সাইবার ক্রাইম ছিল না। এখন কোন ধরনের যুক্তি ছাড়াই একজনকে নাস্তিক আখ্যা দেয়া হয়। তাই নতুন আইন করে আইনীভাবে মোকাবেলার পাশাপাশি যুক্তি দিয়েও তাদেরকে মোকাবেলা করতে হবে।