বাংলাদেশ শিশু একাডেমী, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জয়পুরহাট শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাসের উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে কালাই উপজেলার কাকলি শিশু নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সেই অমর গান ”ঘুম থেকে জেগে যদি শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই”পরিবেশন করলে দর্শকরা মুগ্ধ হয়ে পড়েন। সাংস্কৃতিক উৎসবে একক ও দলীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়। সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের গীতিনাট্য ”দুই বিঘা জমি” পরিবেশন করে অতিথিদের বাড়তি আনন্দ দেয়। শেষে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
