নিম্নচাপটি স্থির নামছে বন্যার পানি

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ০০:৪৪

উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি কার্যত একই এলাকায় স্থির রয়েছে। এটি গতকাল সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার  সমুদ্রবন্দর  থেকে ২০০ কিঃ মিঃ পশ্চিম-উত্তর-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর  থেকে  ৭৫  কিঃ  মিঃ দক্ষিণ-পূর্বে এবং পায়রা  সমুদ্রবন্দর  থেকে ১০  কিঃ  মিঃ  পূর্বে অবস্থান  করছিল । এটি আরো ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের  উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।  নিম্নচাপ  কেন্দ্রের  ৪৪ কিঃ  মিঃ  এর  মধ্যে বাতাসের  একটানা সর্বোচ্চ গতিবেগ  ঘন্টায় ৪০  কিঃ  মিঃ যা  দমকা  অথবা  ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারী ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেয়া হয়েছে।

 
বরিশাল অফিস জানায়, নদী বন্দরগুলোতে ২নং সতর্ক সংকেত থাকায় এখানকার অভ্যন্তরীণ রুটে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
 
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে পানিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
 
বান্দরবানে পানি সরছে
 
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে গতকাল মঙ্গলবার সকাল থেকে প্রধান সড়কের পানির উপর দিয়ে দু’-একটা যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যার পানি নামছে বলে জানিয়েছেন বান্দরানের মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান।
 
চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস
 
চট্টগ্রাম অফিস জানায়, গত দু’দিনে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল মঙ্গলবার থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছেন মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে চট্টগ্রামে। সমুদ্র উত্তাল রয়েছে।
 
প্রবল বর্ষণে বাবুগঞ্জে স্কুল ধসে পড়েছে
 

বরিশাল অফিস জানায়, প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় সোমবার রাতে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের দক্ষিণ চরফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেডের ভবন ধসে পড়েছে। ফলে গতকাল মঙ্গলবার থেকে ঐ স্কুলের পাঠদান বন্ধ রয়েছে।