বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার সাখারিয়া নামাবালা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার সাখারিয়া নামাবালা গ্রামে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে জনৈক জসিম উদ্দিনের একটি পরিত্যক্ত বাড়ীতে ৭/৮ জন সন্ত্রাসী অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি একদল পুলিশ সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল রেজাউল করিম ও উজ্জল আহত হন।
পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় জুম্মন নামের এক সন্ত্রাসীকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। জুম্মন শহরের উত্তর চেলোপাড়ার সামছুল ইসলামের ছেলে। পুলিশ এসময় সন্ত্রাসী জুম্মনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ জুম্মনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে। সে পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
এছাড়া পৃথক আরেকটি ঘটনায় পুলিশ গুলি ও পিস্তলসহ এক আইনজীবি ও তার দুই সহযোগিকে গ্রেফতার করেছে।
