পেরুর সেনাবাহিনী ৩৯ জনকে উদ্ধার করেছে যাদের ‘সাইনিং পাথ’ বিদ্রোহী গোষ্ঠী একটি খামারে দাস হিসেবে বন্দি করে রেখেছিল। বন্দিদের কয়েকজনকে ৩০ বছর ধরে আটকে রাখা হয়েছিল। ২৬ জনের জন্ম ওই খামারেই হয়েছে। খবর বিবিসির।
বন্দিরা বলেছেন, তাদের খামারে কাজ করতে বাধ্য করা হতো। ১২০ জন সেনা এই অভিযানে অংশ নেন। চারটি হেলিকপ্টারে করে বন্দিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
একজন বন্দি নারী বলেন, এই অবস্থায় আমার ৩০ বছর কেটে গেছে। উদ্ধারকৃত কিছু শিশু সাইনিং পাথ বিদ্রোহীদের সন্তান। সেনাবাহিনী এসে তাদের হত্যা করবে এই কথা জানানোর পর শিশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
পেরুর ভাইস প্রেসিডেন্ট বলেন, তথাকথিত উত্পাদন কেন্দ্র থেকে জিম্মিদের মুক্ত করার জন্য এই অভিযান চালানো হয়। পেরুর বিদ্রোহীরা অনেক খামারে শিশুদের জড়ো করে কৃষিকাজ করায় এবং নারীদের ব্যবহার করে সন্তান জন্ম দেয়ার জন্য।
