সিংহ শিকার নিয়ে অনলাইনে তোলপাড়

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৭:২৩
 
জিম্বাবুয়েতে 'সিসিল' নামের একটি সিংহকে হত্যার পর অনলাইন দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এক মার্কিন দন্ত চিকিৎসক সিসিলকে হত্যা করেছে বলে অভিযোগ। এ ঘটনায় জিম্বাবুয়ের দুজন নাগরিককে বুধবার আদালতে হাজির করা হচ্ছে।
 
১৩ বছর বয়সী ‘সিসিল’ জিম্বাবুয়ের হোয়াঙ্গি ন্যাশনাল পার্কের সবচেয়ে সুপরিচিত বন্যপ্রাণীগুলোর মধ্যে একটি। মার্কিন দন্ত চিকিৎসক ওয়াল্টার পামার তীর-ধনুক এবং বন্দুক দিয়ে সিংহটিকে হত্যা করেন। এই খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
 
এই বেআইনি শিকারের দায়ে জিম্বাবুয়ের পেশাদার শিকারি থিও ব্রংকহর্স্ট এবং একটি খামারের মালিক অনেস্ট এন্ডলুভুকে আজ আদালতের কাঠগড়ায় তোলা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওয়াল্টার পামারের শিকার অভিযানে সঙ্গী হিসেবে সহায়তা করেন।
 
জিম্বাবুয়ের পুলিশ বলছে, মার্কিন দন্ত চিকিৎসক মিস্টার পামারকেও এই ঘটনার জন্য বিচারের মুখোমুখি করা হবে। জিম্বাবুয়েতে এই শিকার অভিযানে যাওয়ার জন্য ওয়াল্টার পামার ৫০ হাজার ডলার খরচ করেন। সূত্র: বিবিসি