আফ্রিকা সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সফরকালে তিনি বলেন, ‘শুধু নির্বাচন অনুষ্ঠানই গণতন্ত্র নয়। আফ্রিকার নেতারা যদি মেয়াদ শেষে ক্ষমতা ছাড়তে না চান, তাহলে প্রকৃত গণতন্ত্র আসবে না।’
স্থানীয় সময় মঙ্গলবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দফতরে বক্তৃতাকালে ওবামা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংস্থাটিতে এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য রাখেন। এর আগে তিনি অপর আফ্রিকান দেশ নিজ পিতৃভূমি কেনিয়া সফর করেন।
৫৪ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নে বক্তৃতাকালে ওবামা মেয়াদ শেষের পরেও যেসব নেতারা ক্ষমতা আঁঁকড়ে রেখেছেন তাদের সমালোচনা করে বলেন, ‘আমি বুঝি না এত অর্থবিত্ত উপার্জনের পরও কেন তারা ক্ষমতা ছাড়তে চান না।’
তিনি সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য এইউ নেতাদের প্রতি আহ্বান জানান।
