কোহিস্তান দখল করেছে তালেবান

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৮:০৫
 
রাতভর প্রচণ্ড লড়াইয়ের পর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই-পুল প্রদেশের কোহিস্তান জেলা সদর দপ্তর দখল করে নিয়েছে তালেবান বিদ্রোহীরা। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ খবর জানা গেলে সদর দপ্তরের পতনে পুরো জেলাটি তালেবানের দখলে চলে গেছে। খবর বিবিসির।
 
মাত্র দুই দিন আগে উত্তরাঞ্চলীয় বাদাথশান প্রদেশে লড়াইয়ের পর একটি পুলিশ স্টেশনের দখল নেয় তালেবান। ওই লড়াইয়ে এক শরও বেশি পুলিশ আত্মসমর্পণ করে, পরে তাদের মুক্তি দেয় বিদ্রোহীরা। কোহিস্তানের ঘটনায়ও স্থানীয় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কিছু পুলিশ সদস্য তালেবান জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
 
প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল মোহাম্মদ আসের জবরথইল জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী থেকে কোহিস্তানের অবস্থান অনেক দূরে হওয়ায় যথাসময়ে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো যায়নি।