পুঁজিবাজারে কমেছে লেনদেন

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৮:৩৫
 
পুঁজিবাজারে দর সংশোধনের প্রবণতা দেখা গেছে বুধবার। টানা ৯ দিন সূচক বাড়ার পর মাঝে এক দিন সূচক কমলেও পর দিনই আবার সূচক বেড়েছে। তাই দরপতনকে দর সংশোধন হিসেবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা। 
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বেশ কিছু কোম্পানির আয় বাড়ার পরও শেয়ারদরে খুব একটা প্রভাব নেই। কারণ, ইতোমধ্যে কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। 
 
এ অবস্থায় বাজারে বস্ত্র খাত ছিল দর বৃদ্ধির শীর্ষে। ওষুধ, জ্বালানি এবং ইঞ্জিনিয়ারিং খাতে লেনদেন হয়েছে ৩১৩ কোটি টাকার, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৯ ভাগ।
 
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯ কমে ৪ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯ কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৮৯ কোটি ৮৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৫ কমে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫১ কোটি ৬৬ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।