আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে মাত্র ৯ দল

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৯:১০
 
 
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নিবন্ধিত ৪০ রাজনৈতিক দলের মধ্যে বুধবার পর্যন্ত মাত্র ৯টি দল গত আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। হিসাব জমা দেয়ার শেষ দিন শুক্রবার।
 
সর্বশেষ বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) হিসাব জমা দেয়। ইসিতে জমা দেয়া হিসাবে আয়ের চেয়ে প্রায় দেড় গুণের বেশি ব্যয় দেখিয়েছে দলটি।
 
বুধবার রেজাউল করিম ভুইয়ার নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দল ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের কাছে জাপা মহাসচিব স্বাক্ষরিত হিসাবের প্রতিবেদনটি হস্তান্তর করেন।
 
এ দিকে, কমিশনের সঙ্গে নিবন্ধিত রয়েছে ৪০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি।
 
নিবন্ধন শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত ৯টি দল হিসাব দিয়েছে। এর মধ্যে নিবন্ধন ঝুঁকিতে থাকা গণফন্টও রয়েছে। এ দলটি পর পর দুই বছর তাদের হিসাব জমা দেয়নি ইসিতে। এবার না দিলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হতো। যথাসময়ে হিসাব দেয়াতে নিবন্ধন বাতিল হওয়া থেকে এ যাত্রায় রক্ষা পেল গণফ্রন্ট।
 
হিসাব দেয়া অন্য দলগুলো হচ্ছে—জাতীয় পার্টি (জেপি), খেলাফত মজলিশ, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
 
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর গত আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে শুক্রবার সময় শেষ হচ্ছে। তবে অতীতে হিসাব জমা দেয়ার শেষ দিন সাপ্তাহিক ছুটি পড়ায় পরবর্তী কার্যদিবসের হিসাব জমা নেয়ার নজির রয়েছে।