কুমিল্লার মুরাদনগরে শামসুদ্দিন মনির নামের এক যুবকের হাত-পা-চোখ বেঁধে নির্যাতন ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মসজিদের ইমাম আবুল হাছানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ কামাল আকন্দের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই ভোরে মুরানগরের কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান একই গ্রামের প্রবাস ফেরত শামসুদ্দিন মনির। এ সময় সে টাকার জন্য ডাক-চিৎকার ও অশোভন আচরণ শুরু করলে তাকে ধরে রশি দিয়ে বেঁধে মসজিদের ইমাম আবুল হাছানের সহযোগিতায় মাইকে ডাকাত ডাকাত প্রচার করা হয়, পরে এলাকার লোকজনসহ প্রকাশ্যে নির্যাতন চালিয়ে হাত-পা-চোখ বেঁধে ও পায়ের রগ কেটে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশ মসজিদের ইমাম আবুল হাছানকে ১৫ জুলাই বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কুমিল্লায় কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ জানান, মনির হত্যা মামলায় গ্রেফতারের পর জেলহাজতে থাকা কাজিয়াতল গ্রামের মসজিদের ইমাম আবুল হাছানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করার পর বুধবার শুনানি শেষে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন আমিন চৌধুরী তার তিন রিমান্ড মঞ্জুর করেন।
