নেতাদের সতর্ক করে আফ্রিকা সফর শেষ করলেন ওবামা

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ১৯:৪৩
 
আফ্রিকার নেতাদের সতর্ক করে সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দফতরে বক্তৃতাকালে ওবামা বলেন, কেউ আজীবন প্রেসিডেন্ট থাকতে পারে না।
 
মেয়াদ শেষ হওয়ার পরও যেসব আফ্রিকান নেতা ক্ষমতা ছাড়েন না তাদেরকে ইঙ্গিত করে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
 
মঙ্গলবার ওবামার বক্তব্যের মধ্য দিয়ে আফ্রিকান ইউনিয়নে প্রথমবারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য রাখলেন। এর আগে তিনি অপর আফ্রিকান দেশ ও নিজ পিতৃভূমি কেনিয়া সফর করেন।
 
৫৪ সদস্যবিশিষ্ট আফ্রিকান ইউনিয়নে বক্তৃতাকালে ওবামা মেয়াদ শেষের পরেও যেসব নেতারা ক্ষমতা আঁকড়ে রেখেছেন তাদের সমালোচনা করে বলেন, আমি বুঝি না এত অর্থবিত্ত অর্জনের পরও কেন তারা ক্ষমতা ছাড়তে চান না। তিনি বলেন, শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানই গণতন্ত্র নয়। আফ্রিকার নেতারা যদি মেয়াদ শেষে ক্ষমতা ছাড়তে না চান, তাহলে প্রকৃত গণতন্ত্র আসবে না বলে তিনি মন্তব্য করেন।
 
তিনি সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য এইউ নেতাদের প্রতি আহবান জানান। এসময় ওবামা বুরুন্ডির উদাহরণ টেনে বলেন, দেশটির প্রেসিডেন্ট পেইরি কুরুনজিজা বিতর্কিতভাবে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি রসিকতা করে এও বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলে তিনিও আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারতেন। সূত্র: বিবিসি