দিনাজপুরে পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে ছাত্রী অপহরণ মামলা

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২০:২৩
 
 
ডিবি পুলিশের কনস্টেবলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে কলেজ-ছাত্রী অপহরণের মামলা হয়েছে। বিচারক অভিযোগটি চিরিরবন্দর থানায় এজাহার হিসেবে গ্রহণ করে ৭ দিনের মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দিয়েছেন।
 
দিনাজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতার-উল-আলমের এজলাসে বুধবার খানসামা উপজেলার এক বাবা দিনাজপুরের কর্মরত ডিবি পুলিশের কনস্টেবল মো. শাহিনসহ (৩৮) ৪ জনের বিরুদ্ধে তার কলেজ-পড়ুয়া মেয়েকে (১৬) অপহরণের অভিযোগে মামলা করেন।
 
মামলার অপর ৩ আসামি হলেন—খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের মো. জয়নুল (২৬), মো. আব্দুর রহিম (২৮) ও মো. মোজাম্মেল হক (৪৫)।
 
অপহূত ওই কলেজ-ছাত্রীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেন, রানীরবন্দরে ইছামতি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গত ২৫ জুলাই আসামিরা কলেজের গেট থেকে দুপুর দেড়টায় একটি মোটরসাইকেলে করে জোরপূর্বক অপহরণের পর সৈয়দপুরের দিকে নিয়ে যান। মামলার ৩নং আসামি ডিবি পুলিশের কনস্টেবল শাহিনের সাথে সাক্ষী আব্দুল হাই মোবাইল ফোনে আলাপের সময় ঘটনা সম্পর্কে অবহিত হন।
 
চিরিরবন্দর থানায় অপহরণের মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় বাদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক আখতার-উল-আলম অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আগামী ৭ দিনের মধ্যে আদালতকে অবহিত করার জন্য চিরিরবন্দর থানার ওসিকে আদেশ প্রদান করেছেন।