বিদ্যৃৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি ক্যাবলসহ সব ধরনের সার্ভিস লাইন মাটির নিচ দিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন। এ জন্য প্রাথমিকভাবে রাজধানীর মিরপুর রোডকে চিহ্নিতও করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে করপোরেশন, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবুল কাশেমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিটি মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘ঢাকাকে পরিচ্ছন্ন, গ্রিন সিটি ও নগরীর সৌন্দর্য বর্ধন করার বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে ঢাকার মিরপুর রোডের ধানমণ্ডির ২৭ নম্বর থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তাকে একটি মডেল রাস্তা করতে চাই।’
তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন আধুনিক শহরের রাস্তার মতো যেসব সার্ভিসগুলো মাটির নিচে থাকে। সেইভাবে একটি মডেল স্ট্রিট করতে চাই। তারপর এ সড়কের আলোকে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য রাস্তাকে গড়ে তোলা হবে।’
