৩৪ লক্ষাধিক টাকা রেজি: ফি ও জরিমানা আদায়

জয়পুরহাটে রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ২৩:৩২

জেলা ট্রাফিক পুলিশ বিভাগ রেজিষ্ট্রেশন বিহীন মটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন দিনে ৩৪ লাখ ৪৪ হাজার ৯৯ টাকা রেজিষ্ট্রেশন ফি ও জরিমানা আদায় করেছে।

ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, উত্তরাঞ্চলের মধ্যে মটরসাইকেলের শহর হিসাবে পরিচিতি লাভ করেছে জয়পুরহাট। কিন্তু দিন দিন রেজিষ্ট্রেশনবিহীন মটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে অপরাধিদের দৌরাত্ম বেড়ে যাচ্ছে। ফলে সরকারের দিক নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ বিভাগ গত ১৫ জুলাই থেকে অভিযান শুরু করে। এরমধ্যে গত তিন দিনের  (২৬, ২৭ ও ২৮ জুলাই) অভিযানে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৩১ লাখ ৯৬ হাজার ৫৯ টাকা আদায় ও মটরযান আইনে ১৫২ ধারায় ২ লাখ ৪৮ হাজার ৪০ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ।

জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক বেলায়েত আলী বলেন, মটরসাইকেলের কাগজ পত্র না থাকায় এ পর্যন্ত ৩ শ ৬০ টি মটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাফিক সার্জেন্ট মিজানুর রহমান মন্ডল সহ অন্যান্য ট্রাফিক পুলিশের সদস্যরা সর্বাত্মকভাবে এ অভিযান পরিচালনা করছেন। পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সার্বক্ষনিক এই অভিযান তদারকি করছেন বলে জানিয়েছেন।