ঘূর্ণিঝড়ে কোমেন এর কারণে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ায় চাঁদপুর থেকে ১৮টি পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অপরদিকে বরিশাল নদী বন্দরকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশালের নদীপথে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর প্রতিনিধি জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ঢাকা, বরিশাল, ভোলা নারায়ণগঞ্জসহ ১৮টি পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন।
এছাড়া মেঘনা নদীতে অবস্থানরত সকল নৌযান নিরাপদে অবস্থান করছে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড়ে অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
মতলব, মতলব, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
বরিশাল প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বরিশাল নদী বন্দরকে ৩ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেকে বরিশালের নদীপথে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী বেষ্টনি এলাকা হিসেবে পরিচিত হিজলা, মুলাদী ও মেহিন্দিগঞ্জ উপজেলাবাসীকে সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বরিশালের সকল রুটের নদী পথে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সকাল ১০টা পর্যন্ত বরিশালের নদ-নদী শান্ত থাকায় বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করেছে।
