কসবায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৫:১৯
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর একটায় এই দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কন্টেনারবাহী ট্রেনটি কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুঘর্টনার কারণে ঢাকাগামী চট্টলা ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
 
রেলওয়ের আখাউড়া উপবিভাগীয় প্রকৌশলী জানান, আমরা দুর্ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েকঘণ্টা সময় লাগবে।