হাতিয়ায় বেড়ীবাঁধ ভেঙ্গে ৬ ইউনিয়ন প্লাবিত

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৯:২৮
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে প্রবল জোয়ারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বেড়ীবাঁধ ভেঙ্গে সুখচর, নলচিরা, চরঈশ্ব, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া প্রবল জোয়ারে হাতিয়ার বিচ্ছিন্ন এলাকা বয়ারচর, নলেরচর, কেরিংচর ও নিঝুমদ্বীপের নিম্নাঞ্চল ৩/৪ ফুট পানিতে তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বেড়ীবাধের কাছাকাছি লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।
 
এদিকে ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া দ্বীপের সঙ্গে সকল রুটের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ও প্রবল জোয়ারে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার, নলচিরা ইউনিয়নের উত্তরাঞ্চল ও তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া এলাকায় বেড়ীবাধ ভেঙ্গে যায়। এতে এসব এলাকার কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও স্থানীয় প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন এ প্রতিবেদককে জানান।