টুঙ্গীপাড়ায় ভ্যান চালক খুন

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৭:৫৬
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় আনিচ কাজী (৩০) নামে এক ভ্যান চালককে হত্যা করা হয়েছে।  আনিচ কাজী টুঙ্গীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কেড়াইলকুপা এলাকার আফসার উদ্দিন কাজীর ছেলে।
 
বুধবার গভীর রাতে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় টুঙ্গীপাড়া সদরের সাবু শেখের বাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সাহিদুল ভ্যান ক্রেতা রফিকুল ইসলামের বড় ভাই।
 
জানা গেছে, সম্প্রতি আনিচ কাজী তার নিজের ভ্যানটি ২০ হাজার টাকায় উপজেলার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ক্রেতা নগদ ১৬ হাজার টাকা পরিশোধ করেন এবং চার হাজার টাকা বকেয়া রাখেন। এই বাকী টাকা না দেয়ার জন্য তিনি নানা টালবাহনা করে আসছিলেন। বুধবার রাত নয়টার দিকে আনিচ কাজী পাওনা টাকা আনতে রফিকুলের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ফিরতে দেরী হওয়ায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুজির পর ওই স্থানে মুখে বিষ ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গীপাড়া হাসপাতাল ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বৃহস্পতিবার ভোর রাতে
 
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে ফকিরহাট নামক স্থানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।