ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৭:৫৭
 
 
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩৩ শতাংশই হয়েছে ইঞ্জিনিয়ারিং এবং ওষুধ খাতে। এ দুই খাতে লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকার। আর বাজারে দাম বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও জ্বালানি খাত।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৪ বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৪ বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ৩৭ লাখ ৪১ হাজার টাকা কম। লেনদেনকৃত ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দর। 
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬২ বেড়ে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৪ লাখ টাকার, যা আগের কর্মদিবসের চেয়ে ১০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।