মিঠাপুকুরে ৮৬ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৮:০৯
জেলার মিঠাপুকুর উপজেলার পলাতক ৮৬ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ছয় যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় পুলিশের দাখিল করা চার্জসিট আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে।
 
বুধবার জেলা ও দায়রা জজ কোর্টের বিচারক মঞ্জুরুল বাছিত শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেন। আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়।
 
একই সঙ্গে আগামী দেড় মাসের মধ্যে মামলার বিচার শেষ করার ঘোষণা দেন বিচারক মঞ্জুরুল বাছিত।
 
মামলার পিপি অ্যাড. আব্দুল মালেক জানান, এ মামলায় জামায়াত-শিবিরের ১৩২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জসিট জমা দিয়েছে পুলিশ। এদের মধ্যে ৪৬ আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৬ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি ২০ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসনে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় বোমার আগুনে ঘটনাস্থলেই শিশুসহ চার বাস যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন কমপক্ষে ২৫ যাত্রী। পরে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরো দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।