দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৫৯ বাংলাদেশি ফেরত আনা স্থগিত

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ২৩:৫৪

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনকে ফেরত আনা স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এদের আজ বৃহস্পতিবার ফেরত আনা হচ্ছে না বলে জানান কক্সবাজারস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম।

 
এর আগে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছিলেন, বাংলাদেশ সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত আনার কথা।
 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানিয়েছিলেন, ফেরত আসার অপেক্ষায় থাকা বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জন ১০টি জেলার বাসিন্দা। গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে।