একই গর্তে পড়লেন আনুশকা ও ফারহান

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ০০:৪৭

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুল করা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু নয়। তাই বলে সদ্য প্রয়াত রাষ্ট্রপতিকে টুইটারে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করা ব্যাপারটা সত্যিই খুব হাস্যকর। এমনই এক হাস্যকর ঘটনার জন্ম দিয়ে হাসির বলী হয়েছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা আনুশকা শর্মা ও ফারহান আখতার।

 
ভারতের সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে প্রায় সকল তারকাই শোকবার্তা প্রকাশ করেছেন তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আনুশকা শর্মা ও ফারহান আখতারও ব্যতিক্রম নয়। কিন্তু সবার মতো শোকবার্তা প্রকাশ করতে গিয়ে বিরম্বনায় পড়তে হয়ে তাদের। যদিও এই দুই তারকার ভুল দুই ধাঁচের।
 
সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে টুইটারে শোকবার্তা প্রকাশ করতে গিয়ে হিন্দি চলচ্চিত্রের প্রতিশ্রুতিময় সমসাময়িক অভিনেত্রী আনুশকা শর্মা নামের ক্ষেত্রে ‘এপিজে আব্দুল কালাম’ লিখতে গিয়ে ভুল করেছেন। তিনি লিখেছেন ‘এবিজে কালাম আজাদ’। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দার ঝড় ওঠে টুইটারে। সকলেরই এক প্রশ্ন-এই ভুল কেউ করে? হাজার হাজার শেয়ারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়ে আনুশকার এই ভুলের প্রমাণ। এর প্রতিবাদ জানিয়ে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘যারা কম্পিউটারে বসে অন্যের সমালোচনা করে তারা কাপুরুষ।’
 
ঠিক একই ভুল তবে একটু ভিন্নভাবে করে ফেলেন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, প্লেব্যাক গায়ক, চিত্রনাট্যকার, টেলিভিশনের হোস্ট এবং গীতিকার ফারহান আখতার। টুইটারে ফারহান শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ভারতীয়দের মধ্যে অন্যতম প্রাক্তন প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালাম আজাদের মৃত্যুর খবরে আমি গভীর শোকাহত।’ যদিও পরে ‘আজাদ’ নামটি বাদ দিয়ে টুইট সংশোধন করেছেন তিনি। আবুল কালাম আজাদ নামে ভারতের এক মুক্তিসেনা ছিলেন। তার সঙ্গে এপিজেকে গুলিয়ে ফেলেন ৪১ বছর বয়সী ফারহান। ফারহান ও আনুশকা দু’জন একসঙ্গে অভিনয় করেছেন ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে। এ বছর ব্যবসাসফলও হয়েছে এটি। 
 

মানুষ মাত্রই ভুল করে, তবে সে ক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপ্রধানের নামের বানান ভুল করাটা খুবই অস্বাভাবিক। আর যদি সেটা কোনো ভারতীয় তারকা করে থাকেন তবে সেটা সত্যি খুব হাস্যকর।