কোমেন: সেন্টমার্টিন-শাহপরী দ্বীপে ঠাঁই হচ্ছে না আশ্রয়কেন্দ্রে

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৪:২৯
সেন্টমার্টিন ও শাহপরী দ্বীপে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ঠাঁই হচ্ছে না। গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে প্রায় ২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজন এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় তাদের গাদাগাদি করে থাকতে হচ্ছে।
 
শুক্রবার সকালে শাহপরী দ্বীপের বাসিন্দা জসিম মাহমুদ জানান, ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ৫ শত ঘরবাড়ি বিধ্বস্ত ও ৩০ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছেন। এখনও ৪০ হাজার লোক আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্কুলসহ মোট ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
 
টাঙ্গারপাড়া, বাজারপাড়া, পূর্বপাড়া, ডালিয়াপাড়াসহ ৫টি এলাকায় এসব কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ২০ হাজার মানুষ গাদাগাদি করে থাকছেন সেখানে। IMG0
 
তিনি আরও বলেন, এই দ্বীপের আশ্রয় কেন্দ্রগুলো নিরাপদ নয়। কারণ পূর্ণিমায় জোয়ারের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই দ্বীপের পশ্চিমে বেড়িবাঁধ ভাঙা অবস্থায় আছে। 
 
তিনি অভিযোগ কেরে বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো কর্মকর্তা বা সাহায্য আসে নি। তাই তাদের দুর্দিন যাচ্ছে। সবাই শুকনো খাবার সংকটে আছেন।