আমি পর্দার হিসেব কষি না: নিপুন

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১২:৪৯
 
চিত্রনায়িকা নিপুণ। তবে শুধু বড়পর্দাতেই নয়, ছোটপর্দা ও বিজ্ঞাপনেও নিয়মিত তিনি। বিশেষ দিনগুলোর পাশাপাশি মাঝে মাঝেই ছোটপর্দাতে উপস্থিতি মিলছে তার।
 
এবার ঈদেও বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন নিপুণ। এর মধ্যে আরটিভিতে মাসুদ সেজানের ‘ফরমাল-ইন-অ্যাকশন’, বিপরীতে জাহিদ হাসান। জাহিদ হাসানের ‘লটারি’, বাংলাভিশনে এস এ হক অলিকের ‘পাত্র নং ৩১৩’, এর বিপরীতে আনিসুর রহমান মিলন। এটিএন বাংলায় ফেরদৌস হাসানের ‘নিলাম বউ’, বিপরীতে রিয়াজ এবং বৈশাখীতে ‘মাসুদ সেজানের ‘সুশীল’, বিপরীতে মোশাররফ করিম। সব নাটকেই নিপুণের অভিনয় প্রশংসিত হয়েছে।  সম্প্রতি দেখা যাচ্ছে গন্ধরাজ নারিকেল তেল এবং মমতাজ ফেইসওয়াশের বিজ্ঞাপনচিত্রে। নিজের কাজ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার মূল কাজের জায়গাটা অভিনয়। আমি পর্দার হিসেব কষি না।
 
ছোটপর্দা বড়পর্দা কোনো বিষয় নয়। আমি অভিনয় করতে চাই। একটা স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসা। সেই স্বপ্নের অনেককিছুই আমি পেয়েছি। মনে হয় আমার অভিনেত্রী হওয়াটা সার্থক। ছোটপর্দা থেকে যখন প্রস্তাব আসে আমি সানন্দে সাড়া দেই। কারণ, আমি অভিনয় করার জন্যই এসেছি। আমার ভালোবাসার জায়গাটা অভিনয় এবং দর্শকদের কাছে যদি পছন্দ হয় তখনই নিজেকে সার্থক মনে হয়। অভিনেত্রী হিসেবে আমি আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট।’ দেশের চলচ্চিত্রের এখনকার অবস্থা প্রসঙ্গে নিপুন বলেন, ‘আমাদের এখন টার্নিং একটা সময় চলছে। মাঝে একটা খারাপ সময়ের পর এখন চলচ্চিত্রের সুবাতাস বইছে। হয়তো অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু একটা পর্যায় পৌঁছাতে সময় লাগে। আমরা সেই পথেই যাচ্ছি। এখন চলচ্চিত্রে সংখ্যা বাড়ছে এটা আমাদের জন্য অনেককিছু।’