গত বছর চীনে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এএমএইচ ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। এরপর দীর্ঘদিন ধরে তল্লাশি চালানো হলেও বিমানটির খোঁজ বা ধ্বংসাবশের সন্ধান পাওয়া যায়নি। এখন নতুন করে বিমানটি নিয়ে আবারো ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত বুধবার ভারত মহাসাগরে ফ্রান্সের মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপের সৈকতে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। মালয়েশিয়া বলছে, তারা অনেকটাই নিশ্চিত যে, এটি বোয়িং বিমান ৭৭৭ এর অংশ হতে পারে। যদি সত্যিই এমন হয় তবে সেটি নিখোঁজ বিমান এএমএইচ ৩৭০ এর সন্ধানে নতুন মাত্রা যোগ করতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার বিমান তদন্ত দলের শুক্রবার রিইউনিয়ন দ্বীপে পৌঁছানোর কথা। এরপর খুঁজে পাওয়া ধ্বংসাবশেষের অংশটি ফ্রান্সের সামরিক পরীক্ষাগারে পাঠানো হবে।
বুধবার মাদাগাস্কারের কাছে ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মালিকানাধীন রিইউনিয়ান দ্বীপের সৈকতে ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া যায়। আগ্নেয় দ্বীপটিতে সাড়ে আট লাখ মানুষ বাস করছে।
নিখোঁজ বিমানটিকে খুঁজতে অস্ট্রেলিয়া ভারত মহাসাগরের যে এলাকা জুড়ে অভিযান চালিয়েছিল সেখান দুই হাজার মাইল দূর থেকে ঐ টুকরোটিকে উদ্ধার করা হলো।
গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। ফ্লাইট এমএইচ ৩৭০ নামের বিমানটিতে ২৩৯ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।
