আইটিইউসিএপিতে যোগ দিতে ভারতে গেছেন ৮ সদস্যের প্রতিনিধি দল

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৭:৫২

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এশিয়া প্যাসিফিক রিজিওনাল (আইটিইউসিএপি) কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত গেছে।

শুক্রবার বাংলাদেশ লেবার ফেডারেশনের সভপাতি শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য স্কপ নেতা শাহ মোহাম্মদ আবু জাফর জানান, শ্রমিকের ক্ষমতা নিশ্চিত করতে 'সংগঠিত কর, ঐক্যবদ্ধ হও' এই শ্লোগানকে সামনে রেখে ১লা আগস্ট ভারতের কেরালা প্রদেশের কোচি শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষ হবে আগামী ৩রা আগস্ট। এতে এই অঞ্চলের ৩১টি দেশের শতাধিক শ্রমিক প্রতিনিধি অংশ গ্রহণ করবেন।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদিকা কোহিনূর মাহমুদ, মুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমান ভুইয়াসহ ৮জন প্রতিনিধি উক্ত সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

দেশের অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করাসহ বাংলাদেশের শ্রমিকদের বিভিন্ন বিষয়ে সম্মেলনে বক্তব্য উপস্থাপন করা হবে বলে শাহ মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন।