কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:০১
ঢাকার কেরানীগঞ্জের ঐতহ্যবাহী শুভাঢ্যা খাল দখলমুক্ত ও দুষণরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৌখিন ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও বাংলাদেশ স্কাউটস কেরানীগঞ্জ শাখার সহযোগিতায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 
 
সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকা থেকে নৌকা বাইচ শুরু হয়ে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা গিয়ে শেষ হয়। প্রায় তিন কিলোমিটার পথের এ বাইচ প্রতিযোগিতায় অর্ধশতাধিক তিন মাঝির ডিঙি নৌকা অংশ নেয়। এ সময় খালের দুইপাড়ে লাখো উৎসুক জনতা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য ভিড় জমায়।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের’ প্রেসিডেন্ট ও জাতীয় পরিবেশ পদক ২০১৫ প্রাপ্ত অ্যাডভোকেট মনজিল মোরশেদ উপস্থিত ছিলেন।
 
পরে সকাল ১১টায় শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে মাঠে  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জলবায়ু কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ , পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মতিন, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম বানু শান্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাজাহান আলী, মৎস্য কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর গনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  গোলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।