পাঠ্যক্রমে পরিবর্তন আনার প্রতিক্রিয়ায় তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্তত ২০০ শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের দেয়াল টপকে ভেতরে ঢুকে ভাংচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, পাঠ্যক্রম পরিবর্তন করে শিক্ষার্থীদের মধ্যে 'চীনের মতাদর্শ' ঢোকানোর চেষ্টা করা হচ্ছে।
পরিবর্তিত পাঠ্যক্রম বাতিল করার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে তাইওয়ানের কয়েকটি ছাত্র সংগঠন। নতুন পাঠ্যক্রম অনেক বেশি চীন কেন্দ্রিক বলে তাদের অভিযোগ। চলমান আন্দোলনের মাঝে গত বৃহস্পতিবার এক ছাত্র নেতা আত্মহত্যা করার পর এমন সহিংস অবস্থান নিলো বিক্ষোভকারীরা। গত সপ্তাহে ওই ছাত্রনেতার বিরুদ্ধে অবৈধভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করার অভিযোগ আনা হয়েছিল।
IMG0
চীনের সাথে তাইওয়ানের সুসম্পর্ক রাখার অভিযোগ করে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেরকমই এক বিক্ষোভে গত বছর ছাত্ররা তাইওয়ানের পার্লামেন্ট ভবন ২৪ দিন ধরে অবরোধ করে রেখেছিলেন। একে এখন পর্যন্ত তাইওয়ানে চীন বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
'ঐক্যবদ্ধ চীন' নীতি অনুযায়ী চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। সূত্র: এএফপি
