সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী নেতাকে অপহরণ

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:২০
 
ইসলামিক স্টেট তথা আইএস মোকাবিলায় যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে গ্রুপটিকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়েছে তার নেতাকে অপহরণ করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট। ‘ডিভিশন ৩০’ নামক ওই গ্রুপ এবং লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
 
‘ডিভিশন ৩০’ এক বিবৃতিতে দাবি করেছে—সিরিয়ার আলেপ্পো শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে নুসরা ফ্রন্ট গ্রুপটির নেতা নাদিম আল হাসানকে অপহরণ করে। এ সময় তার সঙ্গে থাকা কিছু সঙ্গীকেও অপহরণ করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
 
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এবং অপর একটি বিরোধী গ্রুপ বলেছে, মার্কিন বাহিনী যে ৫৪ জনকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়েছে তার বেশির ভাগই অপহূতদের মধ্যে রয়েছে। পার্শ্ববর্তী তুরস্কে ওইসব যোদ্ধাকে প্রশিক্ষণ দেয় মার্কিনবাহিনী।