ভান্ডারিয়ায় টমটমের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:৪৮


পিরোজপুরের ভান্ডারিয়ায় টমটমের ধাক্কায় মো. মনির হোসেন মুন্সি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হেতালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার পশারিবুনিয়া গ্রামের সুলতান মুন্সির ছেলে এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

মনিরের বাবা সুলতান মুন্সির বরাত দিয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মনির সকালে বাজার থেকে দই কিনতে যান। ফেরার পথে রাস্তা পাড় হওয়ার সময় একটি শ্যালো ইঞ্জিন চালিত টমটম ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টমটমটি আটক করা হয়েছে বলে জানান ওসি।