জেলার মুরাদনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাবা কর্তৃক দ্বিতীয় স্ত্রীর শিশু সন্তানকে হত্যার চারদিন পর গোমতী নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকালে গোমতী নদীর মুরাদনগর-তিতাস উপজেলা সীমান্তবর্তী মানিককান্দি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মৃত ফয়সালের (৭) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাহাপুর গ্রামের হোসেন মিয়া প্রথম স্ত্রী থাকা অবস্থায় একই গ্রামের নিলুফা বেগমকে বিয়ে করেন। প্রথম স্ত্রী ও সন্তানরা দ্বিতীয় স্ত্রী নিলুফাকে তালাক দিতে তার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এরপর থেকেই দুই স্ত্রীর সঙ্গে তার কলহ চলে আসছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই মাহবুবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে শিশুর বাবা হোসেন মিয়া ও তার সহযোগীরা এ খুন করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
